চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিএডিসির এক সার ডিলারের গোডাউনে অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা সারের পক্ষে বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্ট ডিলার। এ ঘটনায় গোডাউনের স্বত্বাধিকারীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার বিএডিসির সার ডিলার ‘নাঈম অটোমোবাইল ও বীজ ভাণ্ডার’-এর গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে পরিচালিত এ অভিযানে গোডাউনটিতে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে বিপুল পরিমাণ সার মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। পরে সেখান থেকে ৩৭০ বস্তা টিএসপি, ১ হাজার ১২০ বস্তা ডিএপি ও ১০ বস্তা এমওপি সার জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা সারের পরিমাণ ১ হাজার ৫০০ বস্তা।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের উপস্থিতিতে গোডাউনটি সিলগালা করা হয়। উপজেলা প্রশাসনের প্রাথমিক ধারণা, সরকারি নির্দেশনা অমান্য করে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে এসব সার মজুত করা হয়েছিল।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিএডিসির সার ডিলারের গোডাউনে অভিযান চালিয়ে তিন ধরনের ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করা হয়েছে। এসব সারের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ডিলার। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, অবৈধভাবে সার মজুতের অভিযোগে নাঈম অটোমোবাইল ও বীজ ভাণ্ডারের স্বত্বাধিকারী নাঈম হোসেনের বিরুদ্ধে উপজেলা কৃষি কর্মকর্তার পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

