চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) অভিযানে ৬ কেজি গাঁজাসহ মো. ইয়াছিন ওরফে সাদ্দাম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) পুলিশ পরিদর্শক আনচারুল করিমের নেতৃত্বে এসআই কাজী আব্দুল মালেকসহ একটি দল বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট লিংক রোড এলাকা থেকে এক ব্যক্তি অটোরিকশাযোগে মাদক নিয়ে আরেফিন নগর বাজারের দিকে আসছেন।
এ তথ্যের ভিত্তিতে আরেফিন নগর বাজারে সানমার ডেভেলপার কোম্পানির নির্মাণাধীন ভবনের বিপরীতে সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ডিবি পুলিশ। পরে সন্দেহভাজন ব্যক্তি অটোরিকশাযোগে সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে হাতে থাকা সাদা প্লাস্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁকে আটক করে এবং বস্তা থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে।
গ্রেপ্তার ইয়াছিন সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকার বাসিন্দা। তাঁর বর্তমান ঠিকানা একই উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের টেরিয়াইল এলাকায়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জানিয়েছেন, কুমিল্লার চৌদ্দগ্রাম থানার সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীতে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এনেছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১৯(খ) উপধারায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

