চট্টগ্রাম প্রতিনিধি: বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের কেন্দ্রীয় পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম মেয়র ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী।
শনিবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম একাডেমি হলে অনুষ্ঠিত এক সভায় ফোরামের কেন্দ্রীয় পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে তাঁকে এ দায়িত্ব দেওয়ার প্রস্তাব গৃহীত হয়। পরে মাহমুদুল ইসলাম চৌধুরী প্রস্তাবটি গ্রহণ করেন বলে ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে।
ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের উন্নয়ন, আধুনিক নগরায়ণ, ঐতিহ্য সংরক্ষণ ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় মাহমুদুল ইসলাম চৌধুরীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং দূরদর্শিতা সংগঠনটির কার্যক্রমে দিকনির্দেশনা দেবে বলে তারা আশা করছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহত্তর চট্টগ্রামের মানুষের ন্যায্য দাবি আদায় ও নাগরিক কল্যাণে ফোরামের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও জনকল্যাণমুখী করতে তাঁর পরামর্শ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংগঠনটি আশাবাদী।

প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণে সম্মতি দেওয়ায় মাহমুদুল ইসলাম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়েছে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরাম।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রামসহ বৃহত্তর অঞ্চলের উন্নয়ন এবং নাগরিকদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছেন।

