ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর প্রেসক্লাবে ‘৩৫তম বছর, প্রতিবন্ধকতা ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের সভাকক্ষে সুধীজনদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আককাস সিকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু রতন দেবনাথ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা মোকাবিলা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, অনিয়ম-দুর্নীতি তুলে ধরা এবং নাগরিক প্রত্যাশা পূরণে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তাঁরা আরও বলেন, এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা, জনদুর্ভোগ নিরসন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুধীসমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানো প্রয়োজন।
সভায় রাজাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বারেক ফরাজী, সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, সাবেক সভাপতি মো. এনামুল হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল আলম বাবুলসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজাপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু গোপাল কর্মকার।

