সিডিএ স্কয়ারে ২৫ কিস্তি পরিশোধকারীদের শর্তসাপেক্ষে ফ্ল্যাটে ওঠার অনুমতি

0
38

চট্টগ্রাম :
চট্টগ্রামের নাসিরাবাদে সিডিএ স্কয়ার আবাসিক প্রকল্পে ২৫টি কিস্তি পরিশোধকারী ফ্ল্যাট গ্রাহকদের শর্তসাপেক্ষে বসবাসের অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
শনিবার (২৪ অক্টোবর) সিডিএ কনভেনশন হলে সিডিএ স্কয়ার ফ্ল্যাট মালিকদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
চেয়ারম্যান বলেন, “আমরা সবাই সিডিএ পরিবারের সদস্য। সিডিএ স্কয়ারকে সুন্দর, পরিচ্ছন্ন ও নান্দনিক আবাসিক এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” প্রকল্পের অসমাপ্ত কাজ ও ফ্ল্যাট মালিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি।
সভায় ২৫টি কিস্তি পরিশোধকারী এক ৮০ বছরোর্ধ্ব গ্রাহক অবশিষ্ট সাতটি কিস্তি পরিশোধের প্রক্রিয়া চলমান রেখে মানবিক বিবেচনায় তাঁর ফ্ল্যাট দ্রুত হস্তান্তরের আবেদন জানান। ফ্ল্যাটের রং, বৈদ্যুতিক সংযোগ ও অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে বসবাসের উপযোগী অবস্থায় বুঝিয়ে দেওয়ারও অনুরোধ করেন তিনি।
সভায় বিশেষ অতিথি ছিলেন সিডিএ স্কয়ার প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী কাজী কাদের নেওয়াজ। স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মোহাম্মদ মারুফুল ইসলাম। ফ্ল্যাট মালিকদের সমস্যা ও দাবি তুলে ধরেন আরিফুজ্জামান টিপু। লিখিত দাবি উপস্থাপন করেন মাস্টার খায়রুল ইসলাম তালুকদার। সমাপনী বক্তব্য দেন অধ্যাপক (অব.) এ কে এম গফুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন আফিজাতুর রহমান দীপু।
ফ্ল্যাট মালিকেরা আশা প্রকাশ করেন, চেয়ারম্যানের ঘোষণার বাস্তবায়নের পাশাপাশি প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করে ফ্ল্যাট হস্তান্তর ও বসবাসের পরিবেশ নিশ্চিত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here