মর্জিনা আক্তার চট্টগ্রাম :
চট্টগ্রামে ইমাম প্রশিক্ষণ একাডেমির ১২২৯তম দলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।
অনুষ্ঠানে বক্তব্যে পুলিশ সুপার বলেন, ইমামরা সমাজের গুরুত্বপূর্ণ ধর্মীয় ও নৈতিক পথপ্রদর্শক। ধর্মীয় মূল্যবোধের চর্চা, নৈতিকতা ও মানবিক গুণাবলির বিকাশ এবং সামাজিক শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, মসজিদকেন্দ্রিক ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে ইমামরা মানুষের মধ্যে ন্যায়বোধ, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও দায়িত্বশীলতা জাগ্রত করতে পারেন। একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও কল্যাণমুখী সমাজ গঠনে ধর্মীয় নেতাদের ইতিবাচক ভূমিকা অপরিহার্য।
পুলিশ সুপার আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ এবং মাদক ও অপরাধবিরোধী সচেতনতা তৈরিতে ইমামরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। পাশাপাশি কুসংস্কার ও গুজব প্রতিরোধে জনসাধারণকে সচেতন করার ক্ষেত্রেও তাঁদের কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
ধর্মীয় অনুশাসনের পাশাপাশি মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহমর্মিতা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মানসিকতা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্প্রীতিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন পুলিশ সুপার।
অনুষ্ঠানের শেষপর্বে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী ইমামদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি মো. মাসুদ আলম, বিপিএম।

