পে-স্কেলের নতুন প্রজ্ঞাপনে বেতন-ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

0
6

নবম জাতীয় পে-স্কেল ঘিরে সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতা নির্ধারণে নতুন নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। নতুন বেতনকাঠামোর আওতাভুক্ত নয়, এমন মূল বেতনের নির্দিষ্ট শতাংশের ভিত্তিতে দেওয়া ভাতাগুলো আপাতত আগের মূল বেতন অনুযায়ী হিসাব করতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ২০২৬ সালের ৩০ জুন প্রাপ্ত মূল বেতনকে ভিত্তি ধরে এসব ভাতা নির্ধারণ করা হবে।

রোববার (১৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সোমবার (১৯ অক্টোবর) এটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যেসব কর্মচারী মূল বেতনের নির্দিষ্ট শতাংশের ভিত্তিতে প্রচলিত ভাতা পেয়ে থাকেন, কিন্তু ওই ভাতাগুলো চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতাভুক্ত নয়, তাঁদের ক্ষেত্রে আপাতত আগের মূল বেতনের ভিত্তিতেই ভাতা নির্ধারণ করতে হবে। পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে।

দীর্ঘ ১১ বছরের ব্যবধানে গত ১৯ সেপ্টেম্বর সরকার নতুন জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করে। এতে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের মধ্যে তিন ধাপে নতুন বেতনকাঠামো কার্যকরের পরিকল্পনা রয়েছে।

নতুন বেতন সমন্বয়ের ক্ষেত্রে ২০২৬ সালের ৩০ জুন বিদ্যমান মূল বেতনকে ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে। তবে নতুন বেতনকাঠামোর আওতাবহির্ভূত শতাংশভিত্তিক ভাতার ক্ষেত্রে নতুন মূল বেতন স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হচ্ছে না।

অর্থাৎ, নতুন পে-স্কেল অনুযায়ী মূল বেতন সমন্বয়ের প্রক্রিয়া চললেও আদেশের আওতার বাইরে থাকা নির্দিষ্ট কিছু ভাতার হিসাব আপাতত ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতেই বহাল থাকবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সংশ্লিষ্ট কর্মচারীদের এসব ভাতা নির্ধারণে এই নিয়ম অনুসরণ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here