রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে স্বাধীন আহমেদ হামিম ওরফে বিজয় (২৪) নামে এক যুবককে আটক করেছে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি অভিযানিক দল।
গত ১০ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী গোলচত্বর ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা গেছে, ওই দিন বিকেল ৫টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ঢাকা মহানগরের ওয়ারী ও মতিঝিল এলাকায় ছিনতাই প্রতিরোধে অভিযান ও দায়িত্ব পালন করছিলেন বিভাগের সদস্যরা। এ সময় যাত্রাবাড়ী গোলচত্বর ফ্লাইওভারের নিচে ছিনতাইয়ের চেষ্টাকালে স্বাধীন আহমেদ হামিমকে আটক করা হয়।
আটক যুবক শরীয়তপুর জেলার নড়িয়া থানার চণ্ডীপুর পুরান বাজার এলাকার বিল্লাল হোসেন ও বিউটি বেগমের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাজার গলিতে সেলিম মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
পরবর্তী সময়ে তাকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

