চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে ফ্লাইওভারের ওপর থেকে একটি ঘুড়ি ধরতে গিয়ে সিএনজির ধাক্কায় মোহাম্মদ আলী নামক এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। জানা গেছে আলীর বয়স ১৩ বছর।
পরিবারের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর থেকে আলীকে খুজে পাওয়া যাচ্ছিল না। তার পিতার নাম মোহাম্মদ বাবুল। আলী টাইগারপাস বটালী হিল রোড পিডাবলিউ কলোনীতে বসবাস করত।
গতকাল শুক্রবার ০৯ই অক্টোবর সন্ধ্যা ৬টায় শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরি বিভাগের মর্গে পাঠান।
হাসপাতালে শিশুটিকে নিয়ে আসা ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, নগরের ডাবলমুরিং থানাধীন আগ্রাবাদের বারেক বিল্ডিং এলাকার ফ্লাইওভারের ওপর কাটা ঘুড়ি ধরতে গিয়ে শিশুটি সিএনজিচালিত অটোরিকশার সামনে পড়ে যায়। সিএনজির ধাক্কায় সে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন।
