অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদঃ সাংবাদিক মো. কামাল উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর প্রচারণায় চট্টগ্রাম সিনিয়র’স প্রেসক্লাবের প্রতিবাদ

0
55

চট্টগ্রাম সিনিয়র’স প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বিশিষ্ট লেখক, সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক এবং দি ডেইলি টুরিস্টের ডেপুটি এডিটর ও চট্রল চিত্রের নির্বাহী সম্পাদক মো. কামাল উদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি ফেসবুক পেজ ও পোস্টে মিথ্যা, বানোয়াট, মনগড়া ও মানহানিকর বক্তব্য প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সিনিয়র’স প্রেসক্লাব। এক বিবৃতিতে চট্টগ্রাম সিনিয়র’স প্রেসক্লাবের কার্যকরী সভাপতি, বর্ষীয়ান সাংবাদিক ইস্কান্দার আলী চৌধুরী এবং প্রতিষ্ঠাতা সভাপতি, বর্ষীয়ান সাংবাদিক শেখ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, একজন সাংবাদিকের বিরুদ্ধে কোনো সংবাদ বা প্রতিবেদনে তথ্যগত ভুল থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাংবাদিকতা ও সংবাদপত্রের প্রচলিত বিধি অনুযায়ী প্রতিবাদ জানানোর পূর্ণ অধিকার রয়েছে।

কিন্তু সেই গণতান্ত্রিক ও আইনসম্মত পথ অনুসরণ না করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপবাদ, চরিত্র হনন, হুমকি ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে তারা বলেন, সাংবাদিক মো. কামাল উদ্দিন তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করে আসছেন। সম্প্রতি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের কার্যালয়ে পুলিশ কর্তৃক ওয়াকিল হোসেন বগাকে আটক করতে যাওয়ার ঘটনা এবং পরবর্তীতে তিনি মেয়রের গাড়িতে উঠে চলে যাওয়ার অভিযোগ নিয়ে দি ডেইলি টুরিস্ট, চট্রল চিত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংবাদ প্রকাশ করেন। পরবর্তীতে প্রতিবেদনে কিছু তথ্যগত ঘাটতি পরিলক্ষিত হলে তিনি নিজ দায়িত্ববোধ থেকে তা পুনরায় যাচাই ও সংশোধন করে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। বিষয়টি নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনা ও প্রশংসা হয়েছে। তারা আরও বলেন, সংশ্লিষ্ট পক্ষের পক্ষ থেকে সাংবাদিকতা ও সংবাদপত্রের প্রচলিত রীতি অনুযায়ী কোনো প্রতিবাদ বা ব্যাখ্যা দেওয়া হয়নি। অথচ কয়েকটি অখ্যাত ও নামসর্বস্ব ফেসবুক পেজ ও লিংক থেকে সাংবাদিক মো. কামাল উদ্দিনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা ধরনের মিথ্যা, মনগড়া ও মানহানিকর বক্তব্য প্রচার করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড শুধু সাংবাদিকতার স্বাধীনতার ওপর আঘাত নয়, বরং একজন ব্যক্তির সামাজিক মর্যাদা ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা। বিবৃতিতে চট্টগ্রাম সিনিয়র’স প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, কোনো সাংবাদিকের প্রকাশিত সংবাদে ভুল থাকলে তার প্রতিবাদ করার সুযোগ রয়েছে এবং সংশ্লিষ্ট সাংবাদিকেরও তা যাচাই, সংশোধন ও ব্যাখ্যা দেওয়ার নৈতিক দায়িত্ব রয়েছে। কিন্তু প্রতিবাদের পরিবর্তে ব্যক্তিগত আক্রমণ, চরিত্র হনন, মিথ্যা অপবাদ, হুমকি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে কাম্য হতে পারে না। তারা বলেন, মো. কামাল উদ্দিন শুধু একজন সাংবাদিক নন, তিনি একজন প্রতিষ্ঠিত লেখক ও গবেষক। তিনি বিশ্ব লেখকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনালের সদস্য। দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রামের উন্নয়ন, নাগরিক অধিকার, জনস্বার্থ ও সামাজিক নানা বিষয়ে লেখালেখি ও আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। ১৯৮৮ সাল থেকে চট্টগ্রামের উন্নয়ন আন্দোলনের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। বর্তমানে তিনি বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের কেন্দ্রীয় মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে জনস্বার্থে কাজ করে আসছেন। তিনি একজন পরিচিত বক্তা ও টেলিভিশন উপস্থাপক হিসেবেও দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। চট্টগ্রাম সিনিয়র’স প্রেসক্লাবের নেতৃবৃন্দ আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতা গণতান্ত্রিক সমাজের অন্যতম ভিত্তি। কোনো সংবাদ কারও পছন্দ না হলেই সাংবাদিককে ব্যক্তিগতভাবে আক্রমণ করা কিংবা তার চরিত্র হননের চেষ্টা করা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে। তাই সাংবাদিক মো. কামাল উদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত মিথ্যা, বানোয়াট ও মানহানিকর অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, কোনো অভিযোগ বা আপত্তি থাকলে তা যথাযথ প্রাতিষ্ঠানিক ও আইনসম্মত প্রক্রিয়ায় উপস্থাপন করা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যক্তিগত আক্রমণ, অপপ্রচার ও চরিত্র হননের হাতিয়ার হিসেবে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চট্টগ্রাম সিনিয়র’স প্রেসক্লাব সাংবাদিক মো. কামাল উদ্দিনের পেশাগত মর্যাদা, স্বাধীন সাংবাদিকতার অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করছে এবং ভবিষ্যতেও সাংবাদিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় সোচ্চার থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here