
চট্টগ্রাম প্রতিনিধি:
নিরাপত্তা, ন্যায়বিচার ও প্রবাসীদের অধিকার নিশ্চিতসহ ছয় দফা দাবি জানিয়েছে ওমান প্রবাসীদের একটি পক্ষ। দাবিগুলো বাস্তবায়নে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ব্যানার হাতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন তারা। প্রবাসীদের অভিযোগ, দেশে ফিরে তারা যেন চাঁদাবাজি, হয়রানি ও সন্ত্রাসের শিকার না হন, সে জন্য কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রবাসীদের স্বার্থে বিশেষ আইন প্রণয়ন, পেনশন সুবিধা চালু এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। প্রতিবাদ কর্মসূচিতে কর্ণফুলী থানায় কথিত চাঁদাবাজির মামলায় অভিযুক্ত নুরুল আমিন ওরফে টিটুকে গ্রেপ্তার না করার বিষয়েও প্রশ্ন তোলা হয়। এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। প্রবাসীদের পক্ষ থেকে বলা হয়, তাদের উত্থাপিত ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।তাদের ভাষ্য, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।