
দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকটি এলাকায় ভারী বর্ষণ এবং চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (২১ মে) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত নদীবন্দর সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা ছয়টার মধ্যে বা এর পর রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এদিকে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।