ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে শোভাযাত্রা, যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে

By admin
1 Min Read

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রাম নগরীতে শোভাযাত্রা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (২৫ আগস্ট) সিএমপি কমিশনারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, ২৬ আগস্ট ২০২৬ তারিখে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে র‍্যালি ও মাহফিল অনুষ্ঠিত হবে। এসব আয়োজন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৮টায় চট্টগ্রাম জেলখানার আলমশাহী খানকা-এ কাদেরিয়া সৈয়দিয়া তৈয়্যবিয়া থেকে শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি বিবিরহাট (বাঁশের মোড়), মুরাদপুর (ভাঁজের মোড়), ষোলশহর-২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, দামপাড়া, লালখান বাজার ও টাইগারপাস হয়ে পুনরায় একই পথে ফিরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন জুলুস ময়দানে গিয়ে শেষ হবে। এ কারণে শোভাযাত্রা চলাকালীন লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভারটি বন্ধ থাকবে বলে জানিয়েছে সিএমপি। এছাড়া শোভাযাত্রা শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This Article
Leave a Comment