
সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (২৩ জুন) মাউশির জারি করা এক অফিস আদেশে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়। সংশোধিত সূচি অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে পরীক্ষা শুরু হবে এবং ১৬ জুলাই শেষ হবে। অফিস আদেশে বলা হয়েছে, অনিবার্য কারণবশত শিক্ষা মন্ত্রণালয়ের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপনে নির্ধারিত পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৮ জুন শুরু হয়ে ১৩ জুলাই শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা শুরু হবে ১ জুলাই এবং শেষ হবে ১৬ জুলাই।এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। একই সঙ্গে সংশোধিত সময়সূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ জানানো হয়েছে।