শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান জানিয়েছেন, শিল্প লবণের আড়ালে কোনোভাবেই খাবার লবণ আমদানি করার অনুমতি দেওয়া হবে না। তিনি বলেন, লবণ মিল মালিক ও প্রান্তিক লবণচাষিদের অধিকার সুরক্ষিত রেখে দেশের লবণ উৎপাদন স্বয়ংসম্পূর্ণ করা সম্ভব, এবং সে লক্ষ্যেই সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার জেলা প্রশাসন ও বিসিকের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় লবণ মিল মালিকদের সঙ্গে বার্ষিক পর্যালোচনা সভায় এসব কথা জানান তিনি। সভায় জেলা প্রশাসক মো. আ. মান্নান সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নিজামউদ্দিন ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা। সভায় লবণের বর্তমান মজুত, দাম, মিল মালিক ও প্রান্তিক চাষিদের সমস্যাসহ লবণ শিল্পের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শিল্প সচিব জানান, শিল্প লবণের আড়ালে খাবার লবণ আমদানি হলে কঠোর তদারকি করা হবে। আমদানির পর খালাসের আগে লবণ পরীক্ষা করা হবে। পাশাপাশি লবণের ন্যায্যমূল্য নির্ধারণে ব্যবস্থা নেওয়া হবে এবং কক্সবাজারে জমি পাওয়া গেলে লবণ সংরক্ষণের জন্য নতুন গুদামও নির্মাণ করা হবে।
