
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্য সংগঠন পেন ইন্টারন্যাশনাল-এর এক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি লেখক ও পেন বাংলাদেশের সাবেক মহাসচিব মুহাম্মদ মহিউদ্দিন। তাঁর এই অর্জন শুধু বাংলাদেশের সাহিত্যাঙ্গনের জন্যই নয়, বরং আমাদের চট্টগ্রামের জন্যও এক গৌরবময় অধ্যায়। এর আগে তিনি তিন বছর দায়িত্ব পালন করেছেন পেন ইন্টারন্যাশনালের রাইটার্স ইন প্রিজন কমিটির স্টিয়ারিং কমিটিতে। এছাড়া তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বিশ্বের নানা প্রান্তে অনুষ্ঠিত পেন ইন্টারন্যাশনালের কংগ্রেস ও সম্মেলনে— দক্ষিণ কোরিয়া (২০১২), ভারত (২০১৮), থাইল্যান্ড (২০১৯), ফিলিপাইন (২০১৯), ফ্রান্স (২০২০), সুইডেন (২০২২), ক্রোয়েশিয়া (২০২৩) এবং পোল্যান্ড (২০২৫)। মুহাম্মদ মহিউদ্দিন শুধু সংগঠক নন, তিনি একজন প্রতিশ্রুতিশীল কথাসাহিত্যিকও। তাঁর প্রকাশিত হয়েছে ১০টি উপন্যাস, ২টি গল্পগ্রন্থ এবং ৩টি সম্পাদিত গ্রন্থ। তিনি বাংলা ভাষার একমাত্র গল্পবিষয়ক মাসিক পত্রিকা ‘গল্পকার’-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে সাহিত্যপ্রেমীদের কাছে বিশেষভাবে পরিচিত। ১৯২১ সালে লন্ডনে প্রতিষ্ঠিত পেন ইন্টারন্যাশনাল পৃথিবীর অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ সাহিত্য সংগঠন, যার লক্ষ্য— সাহিত্যচর্চার প্রসার, বৌদ্ধিক সহযোগিতা, এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা। আমি নিজেও পেন ইন্টারন্যাশনালের একজন সদস্য হিসেবে মুহাম্মদ মহিউদ্দিন ভাইয়ের এই অর্জনে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিশেষ গর্বের বিষয়, তিনি আমারই চট্টগ্রামের সন্তান— আমাদেরই মাটির মানুষ। আমরা একসাথে অংশ নিয়েছিলাম বিশ্ব লেখক সম্মেলনে, দক্ষিণ কোরিয়ায়, যেখানে তাঁর সাহিত্যের গভীর চিন্তা ও মানবিক দৃষ্টিভঙ্গি আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। আজ তাঁর এই নতুন দায়িত্বপ্রাপ্তি যেন আমাদের সাহিত্যজগতের জন্য এক আলোকবর্তিকা হয়ে ওঠে। বাংলা ভাষা, সাহিত্য ও মানবতার পক্ষে তাঁর কলম আরও দীপ্ত হোক— এই কামনাই রইল চট্টগ্রামের একজন সহযাত্রী লেখক ও সহমর্মী কলমসৈনিকের পক্ষ থেকে।