ফটিকছড়িতে ৫ হাজার চারা রোপণ ও বিতরণ করবে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স

By admin
1 Min Read

চট্টগ্রাম: ‘গাছ লাগাই, পরিবেশ ও প্রকৃতি বাঁচাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফটিকছড়িতে পাঁচ হাজার চারা রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া)-এর যৌথ উদ্যোগে আগামীকাল ৩০ সেপ্টেম্বর ফটিকছড়ি উপজেলার দুটি ইউনিয়নে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় জাহানপুর ইউনিয়নের জাহানপুর আমজাদ আলী আবদুল হাদী ইনস্টিটিউশনে এবং বিকেল ৩টায় ভূজপুর ইউনিয়নের চিকনছড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে চারা রোপণ ও বিতরণ করা হবে। কর্মসূচির উদ্বোধন করবেন দারুল ইরফান রিসার্চ ইন্সটিটিউটের ম্যানেজিং ট্রাস্টি ও মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান, আওলাদে রাসুল (স.), নায়েবে সাজ্জাদানশীন, দরবারে গাউছুল আজম সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.জি.আ.)। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ফটিকছড়ি সরকারি কলেজের পরিবেশবিদ শিক্ষকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং পেশাজীবীরা উপস্থিত থাকবেন। কর্মসূচিতে সংশ্লিষ্ট সবাইকে এবং সংগঠনের কর্মকর্তা ও সদস্যদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান এবং আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া)-এর প্রচার সমন্বয়ক মহিউদ্দিন এনায়েত।

Share This Article
Leave a Comment