চট্টগ্রামে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ১

0
8

চট্টগ্রাম নগরের চকবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা পাঁচ ভরির বেশি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লাইলাতুল নুসরাত নিপা (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ টাকার বেশি।

সোমবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে জানানো হয়, রোববার (১৮ অক্টোবর) দুপুরে নগরের খুলশী থানার বাগঘোনা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি নিপাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ৭ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে বাদীর বোন নিপা তাঁর জায়ের মেয়ের শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে যাওয়ার কথা বলে বাদীর স্ত্রী সাবরিনা আক্তার ও মায়ের কাছ থেকে মোট আট ভরি আট আনা ওজনের বিভিন্ন ধরনের স্বর্ণালংকার নিয়ে যান। পরে সেসব অলংকার বিক্রি করে অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় বাদীর অভিযোগের ভিত্তিতে ১৮ অক্টোবর চকবাজার থানায় মামলা করা হয়। মামলাটিতে দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

সিএমপি কমিশনারের নির্দেশনায় মামলার পরপরই অভিযানে নামে চকবাজার থানা পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে বাগঘোনা এলাকায় অভিযান চালিয়ে নিপাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নিপা জানান, আত্মসাৎ করা স্বর্ণালংকারগুলো নগরের কোতোয়ালী থানাধীন দিদার মার্কেটের নিচতলায় অবস্থিত ‘নোভা জুয়েলার্স’ নামের দোকানে বিক্রি করেছেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই জুয়েলারি দোকানে অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, দোকানটির ম্যানেজার শুভ মজুমদার (৩৬) জানান, নিপা ও তাঁর পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে স্বর্ণ কেনাবেচা ও পরিবর্তনের মাধ্যমে পরিচয় ছিল। সেই পরিচয়ের ভিত্তিতে বিক্রেতার পরিচয়সংক্রান্ত তথ্য সংরক্ষণ করে তিনি স্বর্ণালংকারগুলো কিনেছিলেন। পরে ব্যবসায়িক প্রয়োজনে কেনা স্বর্ণ গলিয়ে বিভিন্ন ধরনের অলংকার তৈরি করা হয়।

অভিযানকালে দোকানের ম্যানেজারের উপস্থাপন এবং গ্রেপ্তার আসামির শনাক্তের ভিত্তিতে মোট পাঁচ ভরি এক রতি এক পয়েন্ট ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার করা অলংকারের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের স্বর্ণের আংটি, একটি হাতের বালা, গলার চেইন ও কানের অলংকার।

পুলিশ আরও জানায়, আত্মসাৎ করা বাকি স্বর্ণালংকার উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here