হার্ডিঞ্জ ব্রিজের পাশে গার্মেন্টসকর্মীর মরদেহ উদ্ধার

0
7

কুষ্টিয়ার ভেড়ামারায় হার্ডিঞ্জ ব্রিজের পশ্চিম পাশে রেললাইনের কাছ থেকে মো. জয়নাল আবেদীন (২৫) নামে এক গার্মেন্টসকর্মীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে পোড়াদহ রেলওয়ে থানায় নেওয়া হয়।

নিহত জয়নাল আবেদীন পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বাসিন্দা নয়া মিয়ার বড় ছেলে। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ ৬৮ পাড়া এলাকায় হার্ডিঞ্জ ব্রিজের পশ্চিম পাশে রেললাইনের কাছে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেলওয়ে পুলিশকে জানায়। পরে পোড়াদহ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ভেড়ামারা রেলওয়ে স্টেশন মাস্টার জয়নাল আবেদীন জানান, নিহত ব্যক্তি ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করছিলেন বলে তিনি শুনেছেন। ট্রেনটি রাত পৌনে ২টার দিকে ভেড়ামারা স্টেশনে যাত্রাবিরতি করেছিল।

নিহতের ভাই জাহিদ হাসান জানান, তাঁর ভাই গাজীপুরের একটি গার্মেন্টস কারখানায় সুপারভাইজার হিসেবে চাকরি করতেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে তিনি কর্মস্থল থেকে বের হন। পরে ঢাকা থেকে ট্রেনে করে খুলনায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বলে পরিবারের সদস্যরা জানতে পারেন। সেখান থেকে বৃহস্পতিবার তাঁর বাড়িতে ফেরার কথা ছিল। তবে ট্রেনের টিকিট না পাওয়ার কথা তিনি তাঁর ভাবিকে জানিয়েছিলেন বলেও জানান জাহিদ হাসান।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেলওয়ে পুলিশকে বিষয়টি জানায়। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পোড়াদহ রেলওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ হোসাইন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে রেলওয়ে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেন থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ নিতে পরিবারের সদস্যরা রওনা হয়েছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here