নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে নয়ন (২৪) ও ইয়াসিন ওরফে আরাফাত (২০) নামে দুই যুবককে আটক করেছে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি অভিযানিক দল।
গত ৫ অক্টোবর রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানাধীন কলাপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরের ওয়ারী ও মতিঝিল এলাকায় ছিনতাই প্রতিরোধ ও অভিযান পরিচালনার দায়িত্বে ছিলেন বিভাগের সদস্যরা। এ সময় কলাপট্টি এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবককে হেফাজতে নেওয়া হয়।
আটক নয়নের বাবার নাম শাহ আলম খন্দকার এবং মায়ের নাম নার্গিস। তার গ্রামের বাড়ি বরিশালের মুলাদী থানার চর লক্ষ্মীপুর এলাকায়। বর্তমানে তিনি ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন নার্সারি গলির ৭ নম্বর বাসায় কালাম মাদবরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
অপর আটক ইয়াসিন ওরফে আরাফাতের বাবার নাম মহসিন এবং মায়ের নাম আয়েশা। তার গ্রামের বাড়ি রংপুরের তারাগঞ্জ থানার মাঝেরহাট এলাকায়। বর্তমানে তিনি ঢাকার মুগদা থানাধীন মানিকনগর পাকামাথা এলাকায় রুবি হিজলার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে আটক দুজন তাদের নাম ও ঠিকানা প্রকাশ করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

