ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ গেল কনস্টেবল আল আমিনের

0
24

চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারী গ্রেপ্তারের চেষ্টা করতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে মারা গেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কনস্টেবল আল আমিন সরদার। কর্তব্যরত অবস্থায় তাঁর এই মৃত্যুতে বাংলাদেশ পুলিশ হারাল একজন কর্তব্যনিষ্ঠ ও সাহসী সদস্যকে। রোববার (৪ অক্টোবর) ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে নগরীর ইস্পাহানি চেকপোস্টে দায়িত্ব পালনকালে ছিনতাইকারী গ্রেপ্তারের চেষ্টা করার সময় একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন কনস্টেবল আল আমিন।

পরে তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার (৫ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল আমিন সরদার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ লাইন্সের এসএএফ শাখায় কর্মরত ছিলেন। তিনি ২০২২ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। চাকরিকালীন সময়ে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছে সিএমপি। মাদারীপুর জেলার সন্তান আল আমিন ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। তিনি এক সন্তানের জনক। কর্তব্যরত অবস্থায় কনস্টেবল আল আমিন সরদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। এক শোকবার্তায় তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। সিএমপি কমিশনার বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে কনস্টেবল আল আমিনের আত্মত্যাগ বাংলাদেশ পুলিশের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তাঁর কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতা পুলিশ সদস্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here