যুক্তরাষ্ট্রের ভিসার সাক্ষাৎকারে কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দিতে আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সতর্কবার্তায় দূতাবাস জানায়, ভিসা সাক্ষাৎকারের সময় আবেদনকারীর অতীতের অভিবাসন-সংক্রান্ত আইন লঙ্ঘনের তথ্য কনস্যুলার কর্মকর্তাদের কাছে থাকতে পারে। তাই সাক্ষাৎকারে কোনো তথ্য গোপন না করে সঠিক ও সম্পূর্ণ তথ্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাস আরও জানিয়েছে, কোনো আবেদনকারী ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিলে বা জাল নথিপত্র উপস্থাপন করলে তার ভিসা আবেদন বাতিল হতে পারে। একই সঙ্গে এ ধরনের প্রতারণার কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর দীর্ঘমেয়াদি বা স্থায়ী নিষেধাজ্ঞার মতো গুরুতর পরিণতিও হতে পারে। ভিসা আবেদন প্রক্রিয়ায় আবেদনকারীদের সব তথ্য সঠিকভাবে উপস্থাপন করার ওপর গুরুত্ব দিয়েছে মার্কিন দূতাবাস।
