চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত ১৫ কেজি বৈদ্যুতিক তারসহ পেশাদার চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) ভোর ৫টা ৫০ মিনিটে কোতোয়ালী থানাধীন কাজীর দেউরী নেভাল এভিনিউ রোডের চিটাগাং অফিসার্স ক্লাবের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. জাকির হোসেন, মো. রানা (২৪) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই শিশু আসিফ (১৬) ও মো. সাইমন (১৬)। পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তারদের হেফাজত থেকে চোরাইকৃত ১৫ কেজি বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দায়ের করা মামলাটির নম্বর ৭ এবং এতে দণ্ডবিধির ৪১১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চোর চক্রের কর্মকাণ্ডের বিষয়ে আরও তথ্য যাচাই করা হচ্ছে এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্তে কার্যক্রম অব্যাহত রয়েছে।
