
রোমানা আক্তার, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জিয়াবুল হককে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১৫, কক্সবাজারের যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে কক্সবাজার সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। র্যাব সূত্রে জানা যায়, জিয়াবুল হক বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে তিনি কক্সবাজার সদর থানা এলাকায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে র্যাব-৭ ও র্যাব-১৫-এর যৌথ দল অভিযান পরিচালনা করে। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।