আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টার সেবা চালু

0
49

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপ এবার এভিয়েশন খাতে যাত্রা শুরু করেছে। গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান আকিজ এভিয়েশন লিমিটেড কর্পোরেট ভ্রমণ, ব্যবসায়িক সফর, পর্যটন, শিল্প খাতের প্রয়োজন, ব্যক্তিগত যাতায়াত এবং চিকিৎসা সেবার জন্য বাণিজ্যিক হেলিকপ্টার সেবা চালু করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এই সেবার মাধ্যমে যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুযোগের পাশাপাশি আধুনিক, আরামদায়ক ও নির্ভরযোগ্য ভ্রমণ অভিজ্ঞতা পাবেন। দেশের বিভিন্ন অঞ্চলে নিরাপদ ও দ্রুত যাতায়াত নিশ্চিত করতে অভিজ্ঞ পাইলট এবং দক্ষ এভিয়েশন টিমের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এ কার্যক্রম। এছাড়া খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিনামূল্যে ‘ফ্রি এয়ার অ্যাম্বুলেন্স’ সেবাও চালু রয়েছে। আদ-দ্বীন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত এই হেলিকপ্টার সেবার দায়িত্বে রয়েছে আকিজ এভিয়েশন। প্রাথমিকভাবে তিনটি হেলিকপ্টার নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রোগী পরিবহনের জন্য একটি বেল-৫০৫ মডেলের হেলিকপ্টার এবং যাত্রী পরিবহনের জন্য দুটি রবিনসন-৬৬ মডেলের হেলিকপ্টার যুক্ত করা হয়েছে।আকিজ এভিয়েশন কর্তৃপক্ষের ভাষ্য, সময় সাশ্রয়ী ও দ্রুত যাতায়াতের প্রয়োজনীয়তা বাড়ায় দেশের শিল্পপতি ও ব্যবসায়ীদের মধ্যে হেলিকপ্টার ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি দুর্গম এলাকায় জরুরি উদ্ধার অভিযান, সংকটাপন্ন রোগী পরিবহন, জরুরি ভ্রমণ, নাটক ও চলচ্চিত্রের শুটিং, রাজনৈতিক সফর, বিয়ের অনুষ্ঠান এবং ব্যক্তিগত যাতায়াতসহ বিভিন্ন কাজে হেলিকপ্টারের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব প্রয়োজন বিবেচনায় নিরাপদ, নির্ভরযোগ্য ও সময়-সাশ্রয়ী সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ আকিজ এভিয়েশন লিমিটেড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here