
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, দেশের সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে এবং স্বাভাবিকভাবে গ্রাহকদের চাহিদা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে। তাই গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল কেনার আহ্বান জানানো হয়েছে। বুধবার (২২ জুলাই) প্রকাশিত এক বার্তায় সংগঠনটি জানায়, দেশের কোথাও জ্বালানি তেলের ঘাটতি নেই। সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত মজুত থাকায় সরবরাহ কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। এ কারণে গুজবে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। বার্তায় আরও বলা হয়, অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত জ্বালানি তেল কিনে মজুত করার প্রবণতা বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে। এতে সরবরাহ ব্যবস্থার ওপর অযথা চাপ পড়ার আশঙ্কা রয়েছে। সংগঠনটি ক্রেতাদের প্রতি অনুরোধ জানিয়ে বলেছে, যার যতটুকু প্রয়োজন, কেবল ততটুকুই জ্বালানি তেল সংগ্রহ করুন এবং গুজবে কান না দিয়ে দায়িত্বশীল আচরণ করুন।