
বিশ্ববাজারে মঙ্গলবার অপরিশোধিত জ্বালানি তেলের দামে পতন দেখা গেছে। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ঘিরে কয়েক দিন ধরে দাম বাড়লেও এবার সেই ধারায় বিরতি এসেছে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রে আরও কঠোর মুদ্রানীতির আশঙ্কা বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জ্বালানির চাহিদা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপর চাপ তৈরি হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, ইয়েমেন থেকে আবারও অপরিশোধিত তেল রপ্তানি শুরুর সম্ভাবনা বৈশ্বিক সরবরাহ বাড়ার প্রত্যাশা তৈরি করেছে, যা তেলের দাম কমার অন্যতম কারণ। সবশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৮৯ দশমিক ২২ ডলার থেকে কমে ৮৮ দশমিক ৭৫ ডলারে নেমেছে, যা আগের দিনের তুলনায় প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ কম। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ৮২ দশমিক ৪৮ ডলার থেকে কমে ৮২ দশমিক ৩১ ডলারে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে দাম কমেছে প্রায় শূন্য দশমিক ২ শতাংশ। এর আগে সোমবার যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, কানাডার কিছু পণ্যের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ওয়াশিংটনের দাবি, মার্কিন পণ্যের প্রতি কানাডার বৈষম্যমূলক আচরণের জবাব হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।