পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দম্পতির মৃত্যু, আহত ১

By admin
1 Min Read

পাবনার সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নে পুকুরে মাছ ধরার সময় বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৭টার দিকে আতাইকুলা ইউনিয়নের কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার আতাইকুলা থানার কৈজুরী শ্রীপুর এলাকার সাদেক আলী প্রামাণিকের ছেলে শবদুল প্রামাণিক (৩৫) এবং তার স্ত্রী কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামের চৌকিদার আবুল হোসেনের মেয়ে আশা খাতুন (২৫)। আহত আলম মোল্লা (৩০) আশা খাতুনের ভাই। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে শবদুল প্রামাণিক স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার বিকেলে শ্বশুরের মোটর দিয়ে পুকুর সেচ করে মাছ ধরার সময় হঠাৎ বিদ্যুতের একটি তার ছিঁড়ে পানিতে পড়ে যায়। এতে শবদুল ও আশা বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করতে গিয়ে আশা খাতুনের ভাই আলম মোল্লাও আহত হন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে তিনজনকে উদ্ধার করেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শবদুল প্রামাণিক ও আশা খাতুনের মৃত্যু হয়। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share This Article
Leave a Comment