জৈব সারের বদলে বর্জ্য বিতরণ: খাগড়াছড়িতে বদলি কামারখন্দের কৃষি কর্মকর্তা

By admin
2 Min Read

জৈব সারের পরিবর্তে পলিথিন, মাটি ও ময়লা-আবর্জনা মিশ্রিত বর্জ্য বিতরণের অভিযোগের ঘটনায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মনকে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় বদলি করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক একেএম মনজুরে মাওলা। এর আগে রোববার (২৮ জুন) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে রতন চন্দ্র বর্মনকে লক্ষীছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে বদলির নির্দেশ দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, আগামী ১ জুলাইয়ের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ে যোগদান না করলে ২ জুলাই থেকে তাকে স্বয়ংক্রিয়ভাবে (স্ট্যান্ড রিলিজ) অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। গত বুধবার প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কামারখন্দ উপজেলায় কৃষকদের মধ্যে গাছের চারা ও জৈব সার বিতরণ করা হয়। তবে কৃষকদের অভিযোগ, জৈব সারের পরিবর্তে তাদের পলিথিন, মাটি ও বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা মিশ্রিত বর্জ্য দেওয়া হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পরদিন বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। কমিটির অন্য সদস্যরা হলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) আনোয়ার সাদাত এবং সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মেরাজ হোসেন মিসবাহ। জেলা প্রশাসন তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

Share This Article
Leave a Comment