সড়ক দুর্ঘটনায় দাদি-নাতির মর্মান্তিক মৃত্যু

By admin
1 Min Read

বরিশালের উজিরপুরে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— উপজেলার পশ্চিম জয়শ্রী এলাকার মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) এবং তার ৭ বছর বয়সী নাতনি আরফা আক্তার। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১২-৩৬৭১) দ্রুতগতিতে চলার সময় রাস্তা পারাপাররত দুই পথচারীকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন দাদি ও নাতনি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। জানা গেছে, আরফা আক্তার পশ্চিম জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। প্রতিদিনের মতো সেদিনও স্কুল শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হয় সে। তার বাবা রুবেল কাজী মালয়েশিয়ায় প্রবাসী। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন হোসেন জানান, এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share This Article
Leave a Comment