
রোমানা আক্তার চট্টগ্রাম :
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তার পরিচয় দিয়ে চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবি করার অভিযোগে মো. ফখরুদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার ফখরুদ্দিন চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের বাইনজুরি গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে।
সেনাবাহিনী সূত্র জানায়, স্থানীয়দের কাছ থেকে তথ্য পাওয়ার পর সাতকানিয়া আর্মি ক্যাম্প থেকে ওয়ারেন্ট অফিসার নাজিরের নেতৃত্বে একটি টহল দল তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফখরুদ্দিন নিজেকে বিজিবির অবসরপ্রাপ্ত সৈনিক বলে দাবি করলেও পরবর্তীতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি ভুয়া এনএসআই কর্মকর্তা সেজে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবি করার বিষয়টি স্বীকার করেন।
তল্লাশির সময় তার কাছ থেকে বাংলাদেশ আর্মির লোগোযুক্ত স্টিকার লাগানো একটি মোটরসাইকেল, একটি আর্মি মানি ব্যাগ, একটি ভিআইপি ক্যাপ, বিভিন্ন র্যাংকের চারটি ছবি, একটি ব্লুটুথ হেডফোন, বিভিন্ন কোম্পানির কার্ড, একটি আর্মি ছুটির সনদপত্র, দুটি বই, একটি ঘড়ি এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ জানান, অভিযুক্ত ব্যক্তি এনএসআই পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে এমপি শাহজাহান চৌধুরীর কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করছিলেন।
আটকের পর তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।