
নিউজ রিপোর্ট:
চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি ও ডায়াবেটিক হাসপাতালের দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে সচেতন জীবন সদস্যদের সমন্বয়ে গঠিত “চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি সচেতন জীবন সদস্য প্ল্যাটফর্ম”-এর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি গতকাল ৮ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নগরীর খুলশী এলাকার লাক্সরী হাইট’স (লিফট–৮), ২০৯২ জাকির হোসেন রোড বাই লেনে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীর এবং সভা সঞ্চালনা করেন লায়ন মো. গিয়াস উদ্দিন। সভার শুরুতেই চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির বর্তমান পরিস্থিতি, প্রশাসনিক অচলাবস্থা এবং হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতার অভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা অভিযোগ করেন, গত এক যুগ ধরে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি ও এর অধীন হাসপাতাল পরিচালনায় ধারাবাহিক অনিয়ম, আর্থিক দুর্নীতি ও স্বজনপ্রীতির চর্চা চলমান রয়েছে। এসব অনিয়মের ফলে সাধারণ রোগী ও জীবন সদস্যরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বক্তারা অবিলম্বে গত এক যুগের সকল আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে জনসম্মুখে সত্য উদঘাটনের দাবি জানান। সভায় আরও বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত নেতৃত্ব ছাড়া কোনো প্রতিষ্ঠান টেকসইভাবে পরিচালনা সম্ভব নয়। সে কারণে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির নির্বাচন ২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে দ্রুত একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনের জোর দাবি জানানো হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লায়ন কামরুল হাসান হারুন, লায়ন তাহের আহমেদ, নুরুল আমিন চৌধুরী, আবছার উদ্দিন, ইঞ্জিনিয়ার আবদুস সালাম, এডভোকেট আযম খান, আবুল ওয়াহিদ, মাহমুদুল হাসান, সাইফুদ্দিন আহমেদ সাকী, কাজী মোহাম্মদ এনামুল হক, লায়ন স্বপন কুমার বিশ্বাস, আবদুল হান্নান মিয়া, একেএম ইকবাল ফরুক, লায়ন এরফান উদ্দিন খালেদ, মোহাম্মদ মহসীন, পেয়ার আহমদ হাদী, অধ্যক্ষ আবু তৈয়ব চৌধুরী, লায়ন নুর আহমদ পিন্টু, মো. নজরুল ইসলামসহ আরও অনেক জীবন সদস্য ও বিশিষ্ট নাগরিক। দীর্ঘ আলোচনা শেষে সভায় সর্বসম্মতিক্রমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ৫১ সদস্যবিশিষ্ট “চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি সচেতন জীবন সদস্য প্ল্যাটফর্ম”-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে এডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীরকে আহ্বায়ক এবং লায়ন মো. গিয়াস উদ্দিনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে—চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ, জীবন সদস্যদের অধিকার আদায়ে সংগঠিত আন্দোলন গড়ে তোলা এবং আসন্ন নির্বাচনের বিষয়ে জনমত সৃষ্টি। এছাড়া সংগঠনের অস্থায়ী কার্যালয় হিসেবে নির্ধারণ করা হয়েছে লাক্সরী হাইট’স (লিফট–৮), ২০৯২ জাকির হোসেন রোড বাই লেন, নাসিরাবাদ উইমেন্স কলেজের মোড়, খুলশী, চট্টগ্রাম। সভা শেষে নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতিকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সচেতন জীবন সদস্য প্ল্যাটফর্ম ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।