স্টাফ রিপোর্টাসঃ চট্টগ্রাম নগর পুলিশে বদলি আদেশ মানা বাধ্যতামূলক হলেও বায়েজিদ থানার সেকেন্ড অফিসার এসআই নুরুল ইসলামকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। অভিযোগ পাওয়া যাচ্ছে— প্রায় চার মাস আগে তাঁর বদলি আদেশ জারি হলেও তা কার্যকর হয়নি। এমনকি সম্প্রতি পুলিশ কমিশনার হাসিব আজিজ পুনরায় Stand Released আদেশ জারি করার পরও এসআই নুরুল ইসলাম বায়েজিদ থানাতেই অবস্থান করছেন বলে জানা গেছে।
সূত্র মতে, বহুদিন আগে প্রকাশিত বদলি নির্দেশনার পর সংশ্লিষ্ট কর্মকর্তার উপজেলা আদালত ও নির্ধারিত থানায় যোগদানের কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। প্রশাসনিক দিক থেকে এটি অস্বাভাবিক— এমন মন্তব্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের। স্থানীয় এলাকাবাসী দাবি করছেন, কোনো অজানা ‘ক্ষমতা’ বা প্রভাবকে সামনে রেখে এসআই নুরুল ইসলাম পূর্বের কর্মস্থল ছাড়ছেন না। তাঁদের ভাষ্য— “একজন সাধারণ পুলিশ অফিসার কিভাবে একই থানায় বছরের পর বছর অবস্থান করেন এবং বদলির নির্দেশ অমান্য করেন— এটা রহস্যজনক।” এলাকাবাসীর আরও অভিযোগ রয়েছে যে, তাঁর দায়িত্বকালীন সময়ে এলাকায় বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ ওঠেছে। এসব বিষয়ে স্থানীয়রা অসন্তোষ প্রকাশ করলেও তাঁদের বক্তব্য সরকারি নথিপত্রে আনুষ্ঠানিকভাবে জমা পড়েছে কি না তা নিশ্চিত করা যায়নি। প্রশাসনিক নিয়ম অনুযায়ী বদলি আদেশ জারি হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থল ছাড়তে হয় এবং বাদবাকি দায়িত্ব নতুন কর্মকর্তা গ্রহণ করেন। বর্তমান ক্ষেত্রে সেই নীতিমালা বাস্তবায়নে প্রশ্ন উঠছে।পুলিশ কমিশনারের আদেশ থাকা সত্ত্বেও তা কার্যকর না হওয়া প্রশাসনিক শৃঙ্খলার বিষয়কে সামনে এনে আরও অনুসন্ধানের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে সচেতন মহলের মতামত। বিষয়টি তদন্তসাপেক্ষ এবং আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে। চট্টগ্রামের সচেতন নাগরিকরা বিষয়টির স্বচ্ছ সমাধান প্রত্যাশা করছেন।
