সশস্ত্র বাহিনীর প্রতি ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার

0
115

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীর সদস্যদের ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি জাতীয় নিরাপত্তা, অগ্রগতি, জাতি গঠন এবং সংকটে জনগণের পাশে থাকার ক্ষেত্রে বাহিনীর অবদানের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, *“বাংলাদেশের নিরাপত্তা, উন্নয়ন ও জাতি গঠনে সশস্ত্র বাহিনীর অবদান সত্যিই অনন্য। দেশের সুরক্ষায় আপনাদের ত্যাগ ও নিষ্ঠা দৃষ্টান্ত হয়ে থাকবে।”* বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি)-২০২৫ সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, *“প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা কিংবা মহামারির মতো সংকটে সশস্ত্র বাহিনীর নিরলস প্রচেষ্টা তাদের প্রস্তুতি, দক্ষতা ও জনগণের প্রতি দায়িত্ববোধেরই প্রমাণ।”* জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখায় তিনি বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান এবং বলেন, এতে বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদা আরও উজ্জ্বল হয়েছে। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, *“গ্র্যাজুয়েশনের এই আনন্দময় মুহূর্তে আমরা সবাই মিলে প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।”* আগামী নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, *“ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়—এটি হবে ইতিহাসের অংশ। ভোটারদের অংশগ্রহণ উৎসবমুখর হবে এবং জাতি গর্বের সঙ্গে এই মুহূর্ত স্মরণ করবে।”* ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মরণ করে তিনি বলেন, ডিসেম্বর বিজয়ের মাস—এই মাসে জাতির শ্রদ্ধা শহীদদের প্রতি আরও গভীর হয়। একইসঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতিও তিনি শ্রদ্ধা জানান। গ্র্যাজুয়েট অফিসারদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, *“এই সফলতা আপনাদের কঠোর পরিশ্রম ও দীর্ঘ অধ্যবসায়ের ফল। এখন আপনারা জাতীয় নিরাপত্তা, নীতিনির্ধারণ ও রাষ্ট্র পরিচালনার আরও বড় দায়িত্ব পালনের জন্য প্রস্তুত।”* ন্যাশনাল ডিফেন্স কলেজের উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, এনডিসি এমন নেতৃত্ব গড়ে তোলে যারা পরিবর্তনশীল বৈশ্বিক ভূরাজনীতিতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন। তিনি জানান, *“এনডিসির কোর্স জাতীয় নিরাপত্তা বিশ্লেষণ, কৌশলগত সিদ্ধান্ত ও নেতৃত্বে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি করে। আর আর্মড ফোর্সেস ওয়ার কোর্স কৌশলগত ও অপারেশনাল স্তরের মধ্যে সেতুবন্ধন তৈরি করে।”* বিদেশি গ্র্যাজুয়েটদের উদ্দেশে তিনি বলেন, *“আপনাদের উপস্থিতি আমাদের সমৃদ্ধ করেছে। আশা করি, আপনারা নিজ দেশে ফিরে বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করবেন।”* এনডিসির শিক্ষকমণ্ডলী, স্টাফ, বিদেশি রিসোর্স পার্সন, রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের প্রশংসা করে তিনি বলেন, তারা ২০২৫ সালের কোর্সগুলো সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতের প্রতি আস্থা ব্যক্ত করে তিনি বলেন, *“আমি বিশ্বাস করি, এনডিসি তার মূলমন্ত্র ‘সুরক্ষা থেকে জ্ঞান’ ধরে রেখে জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা মোকাবিলায় নেতৃত্ব তৈরির কাজ আরও এগিয়ে নিয়ে যাবে।”*

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here