ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর: প্রধান উপদেষ্টা

0
130

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (০৩ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ আয়োজিত ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। নিরাপত্তা রক্ষা থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর অবদানেরও তিনি উচ্চ প্রশংসা করেন। কোর্স সম্পন্নকারী সদস্যদের উদ্দেশে তিনি বলেন, বছরের পর বছর কঠোর পরিশ্রমে অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে উচ্চমানের শিক্ষা প্রদানে ন্যাশনাল ডিফেন্স কলেজ ইতোমধ্যে এক উৎকর্ষ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং দ্রুত বদলে যাওয়া আন্তর্জাতিক পরিবেশে দক্ষ নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ড. মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানে আরও বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। পাশাপাশি তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা আহ্বান জানান, তারা যেন দেশের উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় অর্জিত জ্ঞান ও দক্ষতার সর্বোচ্চ ব্যবহার করেন। উল্লেখ্য, ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৫-এ এবার অংশ নেন মোট ৯৬ জন সদস্য—এর মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৯ জন, প্রশাসনের ১৮ জন এবং ভ্রাতৃপ্রতিম ১৮টি দেশের ২৯ জন প্রতিনিধি। এছাড়া সেনা, নৌ ও বিমানবাহিনীর ৫৬ জন কর্মকর্তা সফলভাবে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৫ সম্পন্ন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here