**বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকাও শীর্ষ তিনে**

0
190

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বজুড়ে বড় শহরগুলোতে ক্রমেই বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও এই দূষণের শিকার। সাম্প্রতিক বৃষ্টিতে ঢাকার বায়ুমান কিছুটা উন্নতি হলেও সোমবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর বাতাস আবারও ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বায়ুমান নির্ণায়ক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল ৯টায় ভারতের রাজধানী দিল্লি ৫৬৪ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে। এই মাত্রার বাতাস নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ৩২৪। অন্যদিকে ২৬০ একিউআই স্কোর নিয়ে ঢাকার অবস্থান তৃতীয়। এই মাত্রার বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, যা বিশেষভাবে ক্ষতিকর শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের জন্য। বিশেষজ্ঞরা এই অবস্থায় সবাইকে ঘরের বাইরে কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়েছেন। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০–৫০ ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১–৪০০ এর বেশি ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য হয়। একিউআই সাধারণত পাঁচটি দূষণ উপাদানের ওপর নির্ভর করে নির্ধারিত হয়—বস্তুকণা (পিএম২.৫ ও পিএম১০), নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), কার্বন মনো-অক্সাইড (CO), সালফার ডাই-অক্সাইড (SO₂) ও ওজোন (O₃)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর তথ্যমতে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষ মারা যায়। স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার, শ্বাসযন্ত্রের সংক্রমণসহ নানা অসুখের জন্য এই দূষণ দায়ী বলে উল্লেখ করেছে সংস্থাটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here