**আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ**

0
155

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা পুনরায় চালুর দাবিতে আন্দোলনে নেমেছেন ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) চারটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে কয়েক ঘণ্টা ধরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। শ্রমিকদের অভিযোগ, গত ২২ অক্টোবর হঠাৎ করেই গোল্ডটেক্স লিমিটেড, গোল্ডটেক্স গার্মেন্টস, সাউথ চায়না ব্লিচিং অ্যান্ড ডায়িং ফ্যাক্টরি লিমিটেড এবং এক্টর স্পোর্টিং লিমিটেড কারখানাগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। বন্ধের আগে থেকেই তিন মাসের বেতন বকেয়া ছিল। বারবার আশ্বাস দিয়েও বেতন পরিশোধ না করায় ক্ষুব্ধ শ্রমিকরা সোমবার সকাল ৮টার দিকে ডিইপিজেডের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মহাসড়ক অবরোধ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকদের শান্তভাবে সড়ক থেকে সরাতে গেলে তারা ইটপাটকেল ছুড়ে আক্রমণ করে। পরে জলকামান ও টিয়ারশেল ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ডিইপিজেডের নির্বাহী পরিচালক মো. শরীফুল ইসলাম জানান, সাউথ চায়না ব্লিচিং অ্যান্ড ডায়িং ফ্যাক্টরি লিমিটেড, গোল্ডটেক্স লিমিটেড, গোল্ডটেক্স গার্মেন্টস ও এক্টর স্পোর্টিং লিমিটেড—এই চারটি কারখানার মধ্যে তিনটির আড়াই মাসের এবং একটির দুই মাসের বেতন বকেয়া রয়েছে। মালিকপক্ষ কারখানাগুলো পুনরায় চালুর চেষ্টা করছে; ব্যর্থ হলে সরকারি নিয়ম অনুযায়ী কারখানা বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে। বিক্ষোভের সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যান চলাচল আবার শুরু হয়। শ্রমিকরা বলেন, তারা কোনো সংঘর্ষ চান না—তাদের একটাই দাবি, বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালু করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here