চট্টগ্রাম বন্দরে যানবাহনের বাড়তি মাশুল স্থগিত

0
225

চট্টগ্রাম বন্দরে প্রবেশকারী পণ্যবাহী যানবাহনের গেট পাস ফি বৃদ্ধির সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করেছে বন্দর কর্তৃপক্ষ। এতে নতুন ট্যারিফ শিডিউল নিয়ে সৃষ্ট অচলাবস্থা কিছুটা নিরসন হয়েছে। ফলে রোববার (১৯ অক্টোবর) বিকেল চারটার পর থেকেই পণ্যবাহী গাড়িগুলো বন্দরে প্রবেশ শুরু করে। বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, বিকেলে পরিবহন শ্রমিক ও মালিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, শনিবার থেকে ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও ট্রেইলার চলাচল বন্ধ থাকায় আমদানি পণ্য ডেলিভারি বন্ধ হয়ে গিয়েছিল। দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বিবেচনায় বন্দর চেয়ারম্যানের সভাপতিত্বে রবিবার দুপুরে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন, সরকারি অনুমোদনক্রমে জারি করা গেজেট তাৎক্ষণিকভাবে সংশোধন বা স্থগিত করা সম্ভব নয়। তবে শ্রমিক ও মালিকদের দাবি বিবেচনা করে বোর্ডের সিদ্ধান্ত নিয়ে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হবে। আপাতত বর্ধিত ফি স্থগিত থাকবে, এবং শ্রমিক-মালিকরা কাজে ফিরে যেতে সম্মত হয়েছেন। বর্তমানে বন্দরের বাইরে থাকা প্রায় ৬ হাজার ট্রাক ও কাভার্ডভ্যান ডেলিভারি ও রপ্তানি কাজে যুক্ত হয়েছে। বিভাগীয় পণ্য পরিবহন ফেডারেশনের বন্দর বিষয়ক সম্পাদক মো. শামসুজ্জামান সুমন বলেন, বন্দর চেয়ারম্যান বৈঠকে জানিয়েছেন, আপাতত ট্রাক ও কাভার্ডভ্যানের জন্য নতুন ২৩০ টাকার ফি প্রযোজ্য হবে না। পূর্বের মতো ৫৭ টাকা ৫০ পয়সা ফিতে গেট পাস নেওয়া যাবে। প্রতিদিন প্রায় ৮-৯ হাজার পণ্যবাহী গাড়ি বন্দরে প্রবেশ করে। চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউদ্দিন ফারুক বলেন, বন্দর চেয়ারম্যান ফি স্থগিতের আশ্বাস দিয়েছেন। আমরা লিখিত আদেশ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে কর্মবিরতি প্রত্যাহার করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here