
চট্টগ্রামে সাংবাদিক পরিচয় দিয়ে ব্যবসায়ী থেকে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় মাজেদুল ইসলাম (৪৫) নামে এক আসামিকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
রোববার (৫ অক্টোবর) চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আল গালিব।
মাজেদুল ইসলাম লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ মোল্লাবাড়ীর জাফর আহমদের ছেলে এবং মামলার দুই নম্বর আসামি। তিনি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেও তা নাকচ হয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ পান। আদালত বাদী ও আসামিপক্ষের শুনানি শেষে তাকে কারাগারে পাঠান। আইনজীবী আবদুল্লাহ আল গালিব বলেন, এই আদেশ ব্যবসায়ীদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে, যারা নীরব চাঁদাবাজি করছেন।
মামলার প্রধান আসামি ইফতেখারুল করিম চৌধুরী এখনও পলাতক। খুলশী থানায় তার বিরুদ্ধে মামলা আছে। অভিযোগ রয়েছে, তিনি ‘দৈনিক মুক্ত খবর’ পত্রিকার সাংবাদিক পরিচয়ে মাদক, অস্ত্র চোরাচালান ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। খাতুনগঞ্জের ব্যবসায়ীরা তার সংঘবদ্ধ চাঁদাবাজি চক্রের ফাঁদে হেনস্থার শিকার হয়েছেন।
মামলার এজাহার অনুসারে, ইফতেখারুল করিম ও মাজেদুল ইসলাম সাংবাদিক পরিচয়ে মোহাম্মদ মোসলেম উদ্দিন ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার-কর্মচারীদের নানা হুমকি-ধমকি দিতেন। গত ২৪ ফেব্রুয়ারি ইফতেখারুল করিম চৌধুরী ক্যামেরাম্যান নিয়ে মোসলেমের প্রতিষ্ঠানে গিয়ে তার সুনাম ক্ষুণ্ন ও মামলা-হুমকি দেন এবং এক কোটি ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে ৩ মার্চ মাজেদুল ইসলাম এশিয়ান টিভির সাংবাদিক পরিচয়ে এসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের তদন্তে আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির প্রমাণ পাওয়া গেছে।