বাঁশখালীতে পুলিশের জালে দেশীয় তৈরি ৩টি আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসীকক্সবাজার থেকে সংগ্রহ, লক্ষ্য ছিল চট্টগ্রাম শহরের মইজ্জ্যারটেক এলাকা”

2 Min Read

মোঃ সাইফুল ইসলামঃ
চট্টগ্রামের বাঁশখালী থানার পুলিশ সফল অভিযান চালিয়ে দেশীয় তৈরি তিনটি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রবাহক সন্ত্রাসীকে আটক করেছে। গ্রেপ্তারকৃতরা অস্ত্রগুলো কক্সবাজার জেলার পেকুয়া এলাকা থেকে সংগ্রহ করে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তাদের লক্ষ্য ছিল শহরের বিভিন্ন অপরাধ চক্রের হাতে এই অস্ত্র পৌঁছে দেওয়া। ১১ মে ২০২৫, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার এসআই (নিঃ) মোঃ জামাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে বাঁশখালী থানার গেইট এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশির সময় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা থামানো হয়। সিএনজি তল্লাশি করে গ্রেপ্তার করা হয় দুইজনকে—কক্সবাজার জেলার পেকুয়ার টইটং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শরীফ মিয়ার বাড়ির মৃত ফজলুল করিমের পুত্র সাখাওয়াত হোসেন (২৭), এবং বাঁশখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের মিয়ার বাজার এলাকার জনৈক আহমদ হোসেনের পুত্র মোঃ ইলিয়াস। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে তাদের দেহ ও ব্যাগ তল্লাশি করে পুলিশ সাখাওয়াতের হাতে থাকা ব্যাগে কাপড়ে মোড়ানো অবস্থায় দুটি দেশীয় তৈরি এক নলা বন্দুক উদ্ধার করে। এগুলো লোহার ও কাঠের অংশে বিভক্ত করে চার খণ্ডে রাখা ছিল। অপর অভিযুক্ত ইলিয়াসের ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি এলজি, যা দুটি অংশে বিভক্ত অবস্থায় পাওয়া যায়।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা এসব অস্ত্র পেকুয়া থেকে এনে চট্টগ্রাম শহরের মইজ্জ্যারটেক এলাকায় হস্তান্তরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তাদের দাবি অনুযায়ী, এই অস্ত্রগুলো একটি অপরাধ চক্রের নির্দেশে সরবরাহ করা হচ্ছিল। তবে অস্ত্রগুলোর চূড়ান্ত গন্তব্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানতে পুলিশ তাদের আরও জিজ্ঞাসাবাদ করছে। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, “আমরা নিয়মিত অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে কাজ করছি। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত আজকের অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে। অস্ত্র বহনকারীরা চট্টগ্রামে বড় কোনো অপরাধ ঘটানোর পরিকল্পনায় ছিল বলে আমরা ধারণা করছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।” এ ঘটনায় বাঁশখালী থানায় মাদক মামলা নম্বর-১৬, তারিখ ১১/০৫/২০২৫ ইং, ধারা ১৯এ, আর্মস অ্যাক্ট ১৮৭৮ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ আদালতে প্রেরণ করা হবে বলে নিশ্চিত করেন তদন্ত কর্মকর্তারা। পুলিশের এই সফল অভিযান এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়েছে। নাগরিক নিরাপত্তা নিশ্চিতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন থানার ওসি।

Share This Article
Leave a Comment