
বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (এফডিএমএন) সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সুবিধা-অসুবিধার খোঁজ নিতে রাতে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে ৮ এপিবিএনের আওতাধীন পানবাজার পুলিশ ক্যাম্পে উপস্থিত হন তিনি। এ সময় স্থানীয় রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন ৮ এপিবিএন অধিনায়ক। রাতের বেলা অধিনায়কের এই আকস্মিক উপস্থিতিতে ক্যাম্পে স্বস্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। মতবিনিময়কালে রোহিঙ্গা সদস্যদের বিভিন্ন সুবিধা-অসুবিধা ও নিরাপত্তাসংক্রান্ত বিষয় মনোযোগ দিয়ে শোনেন রিয়াজ উদ্দিন আহম্মেদ। এ সময় উদ্ভূত যেকোনো সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। ক্যাম্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা টহল জোরদারের পাশাপাশি বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, অনলাইন জুয়া, বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর গুলিবর্ষণ, মাদক ও অস্ত্র পাচার, ইভটিজিং, চুরি, ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান ৮ এপিবিএন অধিনায়ক। এ ছাড়া দুষ্কৃতিকারী ও অপরাধীদের বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করতে উপস্থিত রোহিঙ্গা সদস্যদের অনুরোধ করেন তিনি। একই সঙ্গে রাত্রিকালীন পাহারা জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। মতবিনিময় সভায় পানবাজার পুলিশ ক্যাম্পের পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুল রাজ্জাক, অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্য, ক্যাম্পের মাঝি-সাব-মাঝি, শিক্ষক, স্থানীয় মসজিদের ইমাম এবং সাধারণ রোহিঙ্গা সদস্যরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় ৮ এপিবিএন অধিনায়কের এই উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত রোহিঙ্গা সদস্যরা।