
সাইবার অপরাধ, সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মানবপাচার, গুম ও ভূমিদস্যুতাসহ বিভিন্ন অপরাধ দমনে আর্মড পুলিশ ব্যাটালিয়ন—এপিবিএনকে আরও বিস্তৃত দায়িত্ব ও ক্ষমতা দেওয়ার বিধান রেখে নতুন আইন করা হচ্ছে। এ লক্ষ্যে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ সংশোধিত আকারে সংসদে পাসের জন্য সর্বসম্মতিক্রমে সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। গত ৬ সেপ্টেম্বর কমিটির বৈঠকে বিলটি বিস্তারিত পরীক্ষা করা হয়। পরে সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে কমিটির সুপারিশ করা বিলটি উপস্থাপন করেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন। প্রস্তাবিত আইনে ১৯৭৯ সালের ‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের কথা বলা হয়েছে। নতুন আইনে এপিবিএনের সাংগঠনিক কাঠামো, দায়িত্ব, ক্ষমতা, অপরাধ তদন্ত, শৃঙ্খলা, বিচার ও দণ্ডের বিধান নতুন করে নির্ধারণ করা হচ্ছে। এছাড়া এপিবিএনের অধীনে সাইবার সেল গঠনের বিধান রাখা হয়েছে। পাশাপাশি অপরাধ তদন্তের প্রয়োজনে হাজতখানা, মালখানা ও জিজ্ঞাসাবাদ কক্ষ স্থাপনের সুযোগ রাখা হয়েছে। বিলের মাধ্যমে সাইবার অপরাধসহ বিভিন্ন ধরনের সংঘবদ্ধ ও গুরুতর অপরাধ মোকাবিলায় এপিবিএনের কার্যক্রম আরও শক্তিশালী ও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থায়ী কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, কমিটি বিলটির বিভিন্ন দিক পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে একটি সংশোধনী সুপারিশ করেছে। সংশোধিত বিলটি সংসদে পাসের জন্য সুপারিশ করেছে কমিটি।