
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) প্রতিনিধি দল। গতকাল সচিবালয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সিএমসিসিআই সভাপতি খলিলুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় উপস্থিত ছিলেন সিএমসিসিআইয়ের সহসভাপতি এ.এম. মাহবুব চৌধুরী, জসিম উদ্দীন চৌধুরী, মোহাম্মদ আবদুস সালাম, পরিচালক প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, অজিত কুমার দাশ, মোহাম্মদ শাহ্ আলম, শিপিং অ্যান্ড পোর্ট বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাইফউল্লাহ মনসুর এবং আইনশৃঙ্খলা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান। সাক্ষাতে সিএমসিসিআই নেতৃবৃন্দ আগামী নভেম্বর মাসে রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত ‘বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রীকে আমন্ত্রণ জানান। মন্ত্রী সুবিধাজনক সময়ে মেলায় উপস্থিত থেকে উদ্বোধন করবেন বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন। এদিকে, কিছু শিপিং এজেন্ট কর্তৃক প্রয়োজনীয় ব্যাংক ডকুমেন্ট ছাড়া পণ্য হস্তান্তরের বিষয়টিও মন্ত্রীর কাছে তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। তাদের দাবি, এ ধরনের কার্যক্রমের কারণে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নিশ্চিত করতে শিপিং আইন ও ফ্রেইট ফরওয়ার্ডার আইনে জরুরি সংশোধনের প্রস্তাব দেন সিএমসিসিআই নেতৃবৃন্দ। ব্যবসায়ী নেতাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শুনে মন্ত্রী আশ্বস্ত করেন, বিদ্যমান আইন সংশোধনের মাধ্যমে বেআইনিভাবে পণ্য হস্তান্তরের সঙ্গে জড়িত শিপিং লাইন ও ফ্রেইট ফরওয়ার্ডারদের আইনের আওতায় আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সাক্ষাতে চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য ও বন্দরকেন্দ্রিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।