
চট্টগ্রামের চান্দগাঁওয়ে অভিযান চালিয়ে ৪৮ লিটার দেশীয় তৈরি চোলাইমদ ও বিভিন্ন কোম্পানির জুসের খালি বোতলসহ মিন্টু দাস (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মো. জসিম উদ্দিন, এএসআই মো. আলমগীর হোসেন, এএসআই জুয়েল ত্রিপুরাসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে চান্দগাঁও থানাধীন উত্তর মোহরার ৫ নম্বর ওয়ার্ডের খেজুরতলা হায়দার আলীর কলোনি থেকে মিন্টু দাসকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৮ লিটার দেশীয় তৈরি চোলাইমদ এবং পাঁচটি প্লাস্টিকের বস্তাভর্তি বিভিন্ন কোম্পানির জুসের খালি বোতল উদ্ধার করা হয়। গ্রেপ্তার মিন্টু দাস চান্দগাঁও থানার কালুরঘাট, খেজুরতলা এলাকার বাসিন্দা। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চান্দগাঁও থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা ২০২৪ সালের ৮ জুলাই এবং অপরটি ২০২৩ সালের ১৯ ডিসেম্বর দায়ের করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।