
কারিগরি সমস্যার কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো থেকে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার (২১ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালীর এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে আরএলএনজি সরবরাহ প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে গেছে। এ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাসের আওতাধীন আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাসের চাপ কম থাকতে পারে। তিতাস জানায়, সরবরাহ ঘাটতির কারণে বিভিন্ন এলাকায় স্বাভাবিকের তুলনায় গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে। এতে শিল্প উৎপাদন, বাণিজ্যিক কার্যক্রম এবং আবাসিক গ্রাহকদের দৈনন্দিন কাজে সাময়িক সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।