ঢাকাসহ ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতার শঙ্কা

By admin
1 Min Read

ঢাকাসহ দেশের ছয় বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। সোমবার (১৩ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ভারী বৃষ্টিপাত সংক্রান্ত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার সকাল ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরই মধ্যে সোমবার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সতর্কবার্তায় আরও বলা হয়েছে, অতিভারী বৃষ্টির প্রভাবে ঢাকার বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে। পাশাপাশি পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমিধসের ঝুঁকিও তৈরি হতে পারে। এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সোমবার দুপুর ১টা পর্যন্ত দেওয়া আরেকটি আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Share This Article
Leave a Comment