
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শোকবার্তায় আইনমন্ত্রী বলেন, ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট আইনজীবী এবং সংসদীয় গণতন্ত্রের একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি দক্ষতা, প্রজ্ঞা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের সংসদীয় গণতন্ত্রকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘ কর্মময় জীবনে তিনি দেশের রাজনীতি, আইনাঙ্গন এবং সংসদীয় কার্যক্রমে যে অবদান রেখে গেছেন, জাতি তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ একজন বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল। আমি মহান আল্লাহ তাআলার কাছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’ উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় জমির উদ্দিন সরকার গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন। পরে রাষ্ট্রপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন জমির উদ্দিন সরকার। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এলে জমির উদ্দিন সরকার প্রথমে ভূমি প্রতিমন্ত্রী, পরে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় ফিরলে অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন জমির উদ্দিন সরকার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।