বন্যায় মানুষের দ্বারে ত্রাণ নিয়ে ছুটছেন রাউজানের পৌর প্রশাসক অং চিং মার্মা

By admin
2 Min Read

রতন বড়ুয়া, রাউজান :

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাউজানে সৃষ্ট বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এমন দুর্যোগপূর্ণ মুহূর্তে বানভাসী মানুষের পাশে বুক সমান পানি মাড়িয়ে ত্রাণ ও খাবার নিয়ে ছুটে চলেছেন রাউজান পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংচিং মারমা। তাঁর এই মানবিক কর্মকাণ্ড স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হচ্ছে। সরেজমিনে দেখা যায়, হাঁটু থেকে কোমর সমান পানি ভেঙে পৌর প্রশাসক অংচিং মারমা এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে ছুটছেন। তিনি ব্যক্তিগতভাবে দুর্গতদের খোঁজখবর নিচ্ছেন এবং তাঁদের হাতে তুলে দিচ্ছেন রান্না করা খাবার ও শুকনো ত্রাণসামগ্রী। শুধু ত্রাণ বিতরণ নয়, জলাবদ্ধতা থেকে উত্তরণের উপায় খুঁজতে তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। গত ৯ জুলাই বৃহস্পতিবার রাউজান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রায় ১ হাজার পানিবন্দি পরিবারের মাঝে এই ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই মানবিক পদক্ষেপে পৌর প্রশাসকের সাথে মাঠে সক্রিয় ছিলেন রাউজান পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শাহিন শার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ মুহাম্মদ তৌহিদুল আলম, উপজেলা যুবদলের সভাপতি এম শাহজান সাহিল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, মোহাম্মদ রেওয়াজ, উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ হোসেন, পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন, ফয়সাল রনি, রাজু, নিজাম উদ্দিন, রিপন, রিমনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। স্থানীয়রা জানিয়েছেন, দুর্যোগের এমন মুহূর্তে প্রশাসনের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে সশরীরে এভাবে পানিপথে ত্রাণ নিয়ে আসতে দেখে তাঁরা আশ্বস্ত বোধ করছেন।

Share This Article
Leave a Comment