৩০ দিন ডিম খেলে শরীরে যে ৫টি চমকপ্রদ পরিবর্তন আসে**

0
130

ডিম এমন একটি খাবার, যা সাশ্রয়ী দামে সহজলভ্য এবং পুষ্টিতে ভরপুর। প্রোটিন, ভিটামিন, খনিজ এবং প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডে সমৃদ্ধ এই খাবারটি সকালের নাস্তা থেকে রাতের খাবার—সব সময় মানিয়ে যায়। অনেকেই ভাবেন, প্রতিদিন ডিম খেলে শরীরে কী পরিবর্তন আসে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এক মাস নিয়মিত ডিম খেলে শরীর এবং মন—উভয় ক্ষেত্রেই কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়। এনডিটিভির প্রতিবেদনে সেই পরিবর্তনগুলো তুলে ধরা হয়েছে। **১. পেশি গঠন ও শক্তি বৃদ্ধি** ডিম সম্পূর্ণ প্রোটিনের উৎস, যা শরীরের জন্য প্রয়োজনীয় নয়টি অ্যামাইনো অ্যাসিড ধারণ করে। এগুলো পেশি গঠনে এবং ক্ষত সারাতে গুরুত্বপূর্ণ। ‘পোল্ট্রি সায়েন্স’ জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, নিয়মিত ডিম খেলে পেশি বৃদ্ধি পায় এবং ব্যায়ামের পর দ্রুত পুনরুদ্ধারে সাহায্য করে। সকালে দুটি সেদ্ধ ডিম খেলে সারাদিন শক্তি ধরে রাখা যায় এবং প্রোটিনের ঘাটতি পূরণ হয়। **২. হৃদয় সুস্থ থাকে** আগে মনে করা হতো, ডিম খেলে রক্তে কোলেস্টেরল বেড়ে যায়। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, পরিমিত ডিম খেলে হৃদয় সুস্থ থাকে। ডিমে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং কোলিন প্রদাহ কমায় এবং হৃদরোগের ঝুঁকি কমায়। পুষ্টিবিদদের পরামর্শ, সুস্থ প্রাপ্তবয়স্করা দৈনিক ১-২টি ডিম খেলে কোনো ঝুঁকি থাকে না। **৩. মস্তিষ্ক ও দৃষ্টি তীক্ষ্ণ হয়** ডিমের কুসুমে থাকা কোলিন মস্তিষ্কের স্মৃতিশক্তি, মনোযোগ এবং মানসিক স্বচ্ছতা বাড়ায়। এছাড়াও লুটেইন ও জিয়াজ্যানথিন চোখের দৃষ্টি ভালো রাখে এবং বয়সজনিত দৃষ্টিশক্তি হ্রাসকে ধীর করে। নিয়মিত ডিম খেলে মনোযোগ বাড়ে, ক্লান্তি কমে এবং মানসিক সতেজতা বজায় থাকে। **৪. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে** ওজন কমাতে চাওয়া অনেকেই ডিমকে খাদ্যতালিকায় রাখছেন। ডিমে থাকা প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, ফলে অপ্রয়োজনীয় খাবারের প্রলোভন কমে। গবেষণায় দেখা গেছে, সকালের নাস্তায় ডিম খাওয়া মানুষ সারাদিন তুলনামূলক কম ক্যালরি গ্রহণ করে। তবে সেদ্ধ বা ভাপা ডিমই সবচেয়ে উপকারী, ভাজা বা তেলে রান্না করা ডিম নয়। **৫. চুল ও ত্বক উজ্জ্বল থাকে** ডিমে থাকা বায়োটিন, ভিটামিন ডি এবং অ্যামাইনো অ্যাসিড চুল, ত্বক ও নখের জন্য উপকারী। বায়োটিন চুল পড়া কমায় এবং ভেঙে যাওয়া প্রতিরোধ করে। প্রোটিন কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বক টানটান ও উজ্জ্বল রাখে। গবেষণায় আরও দেখা গেছে, ডিমের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা দেয় এবং বার্ধক্যের প্রভাব দেরিতে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here