**সংস্কারবিরোধীদের সঙ্গে জোট নয়: হাসনাত আব্দুল্লাহ**

0
119

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা সংস্কারের বিরোধিতা করে ’২৪-এর জনআকাঙ্ক্ষার পথে বাধা দিচ্ছে, তাদের সঙ্গে কোনোভাবেই জোট করা সম্ভব নয়। তবে যারা সংস্কার, ভারতীয় আধিপত্যবিরোধী অবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে কাজ করছে—প্রয়োজনে তাদের সঙ্গে এনসিপি ঐক্য গড়তে পারে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের নতুন সমবায় মার্কেট ভবনের নবম তলায় এনসিপির জেলা ও মহানগর কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, “নির্বাচনী জোট ও দেশের বৃহত্তর স্বার্থে আমরা সবসময়ই ছাড় দিয়ে এসেছি। তবে সংস্কার ও জাতীয় ঐকমত্যের প্রশ্নে কোনো ছাড় নয়। যারা এই আদর্শে বিশ্বাসী, তাদের আমরা নির্বাচনী কার্যক্রমে স্বাগত জানাব।” তিনি জানান, নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই দলের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। দলীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ১৫ নভেম্বরের মধ্যেই প্রার্থী ঘোষণা করবেন বলে জানিয়েছেন। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সমালোচনা করে হাসনাত বলেন, “আওয়ামী লীগ এখন বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। টকশোর সুবিধাভোগী ও ভাড়ায় চালিত বুদ্ধিজীবীরা তাদের পক্ষে বৈধতা তৈরির চেষ্টা করলেও সাম্প্রতিক ঘটনাপ্রবাহই প্রমাণ করেছে—আওয়ামী লীগ কখনো গণমানুষের দল ছিল না।” তিনি আরও বলেন, “জ্বালাও-পোড়াও ও আগুন সন্ত্রাস অতীতেও যারা করেছে, বর্তমানেও তারাই করছে—গত দুদিনের ঘটনাই সেটার প্রমাণ। আওয়ামী লীগের পতন গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই ঘটেছে, ব্যালটের মাধ্যমে তাদের ফেরানো সম্ভব নয়।” দলীয় সাংগঠনিক কাঠামো প্রসারে তিনি জানান, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি সম্প্রসারণ করা হচ্ছে এবং নতুন অফিস স্থাপন অব্যাহত থাকবে। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, সদস্য আহমেদুর রহমান তনুসহ এনসিপি, যুবশক্তি, শ্রমিকশক্তি ও ছাত্রশক্তির স্থানীয় নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here